কলকাতার মঞ্চে উজ্জ্বল নক্ষত্র সুমন মুখার্জী, আন্তর্জাতিক পরিসরেও সুনাম

12th September 2025 11:28 pm বিনোদন
কলকাতার মঞ্চে উজ্জ্বল নক্ষত্র সুমন মুখার্জী, আন্তর্জাতিক পরিসরেও সুনাম


কলকাতার মঞ্চে উজ্জ্বল নক্ষত্র সুমন মুখার্জী, আন্তর্জাতিক পরিসরেও সুনাম

কলকাতা, ২০২৫: বাংলা সঙ্গীত জগতে নতুন আলো ছড়াচ্ছেন প্রতিভাবান শিল্পী সুমন মুখার্জী (Suman Mukherjee)। বীরভূমের সিউড়িতে জন্ম নেওয়া এই তরুণ শিল্পী বর্তমানে কলকাতাকে কেন্দ্র করে তাঁর সঙ্গীতজীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন। ছোটবেলায় মায়ের দেওয়া হারমোনিয়াম থেকেই শুরু হয়েছিল সুমনের সঙ্গীতযাত্রা। প্রথম অনুপ্রেরণা এসেছিল মায়ের কাছ থেকেই, পরে গুরু শ্রী উৎপল রায়ের কাছে নিয়মিত তালিম নিয়ে গড়ে ওঠেন তিনি।

শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন এই শিল্পী। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। স্নাতকে ফার্স্ট ক্লাস এবং স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সপ্তম স্থান অধিকার করেন সুমন। এর স্বীকৃতি স্বরূপ রাজ্যপালের হাত থেকে পান দুটি সম্মানজনক পুরস্কার।

সঙ্গীত জগতে তাঁর উত্থানও সমানভাবে উজ্জ্বল। ইতিমধ্যেই তিনি অংশগ্রহণ করেছেন আইআইটি মাদ্রাজ ইন্টারন্যাশনাল কনফারেন্স, মুম্বইয়ের স্বর সাধনা সমিতি, রাষ্ট্রীয় যুব সঙ্গীত সম্মেলন, ভারতের সংস্কৃতি মন্ত্রকের ওয়েজিসিসি (WZCC) আয়োজিত মঞ্চসহ মার্কিন যুক্তরাষ্ট্রের “Arts from India”—এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। টেলিভিশন পর্দাতেও তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। আকাশ আট, রূপসী বাংলা, হাই নিউজ বাংলা থেকে শুরু করে ডিডি ন্যাশনাল হিন্দি পর্যন্ত একাধিক চ্যানেলে তাঁর কণ্ঠ প্রশংসিত হয়েছে।

সেলিব্রিটি মহলেও তাঁর গান সমানভাবে সাড়া ফেলেছে। বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম তাঁর গান প্রায় ৩০ বার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং ব্যক্তিগতভাবে দুইবার সাক্ষাৎ করে আশীর্বাদ করেছেন। সুমনের ভাষায়, “ওই মুহূর্তগুলো ছিল একেবারেই ঈশ্বরীয়।” শুধু সোনু নিগম নন, শ্রদ্ধেয় রূপকুমার রাঠোর, খ্যাতনামা শিল্পী রেখা ভরদ্বাজ ও সুরকার জিৎ গাঙ্গুলীও তাঁর গান শুনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও প্রশংসা করেছেন।

তাঁর কণ্ঠে প্রকাশিত গানের মধ্যে ‘ধ্রুবতারা’ (কথা, সুর ও কণ্ঠ— সুমন মুখার্জী) এবং ‘ভুল বুঝে’ (কথা ও সুর প্রতীক কর্মকার, কণ্ঠ— সুমন মুখার্জী) শ্রোতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে। নতুন কিছু গানের কাজও চলছে, যা খুব শিগগিরই প্রকাশ পেতে চলেছে।

একইসঙ্গে একাধিক পুরস্কার ও সম্মানেও ভূষিত হয়েছেন এই তরুণ শিল্পী। এর মধ্যে রয়েছে Best Singer Award (Magic Book of Record), রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, আচার্য উদয় ভূষণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, বঙ্গ সুর সরস্বতী সম্মান, নাদ সাধক সম্মান, বঙ্গ রত্ন অনন্য সম্মানসহ আরও বহু স্বীকৃতি। সম্প্রতি তিনি অর্জন করেছেন “Youth Icon of The Year” সম্মাননা, যা নিয়ে তিনি উচ্ছ্বসিতভাবে বলেন— “এটি আমার জীবনের অনন্য প্রাপ্তি। আমি আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই International Newstar-কে।”

শুধু গান নয়, সঙ্গীতের বাইরেও তাঁর আলাদা আগ্রহ রয়েছে। মার্শাল আর্ট এবং অ্যাকশন ফিল্ম তাঁর নেশার জায়গা।

বাংলা সঙ্গীত জগতে নবপ্রজন্মের শিল্পীদের মধ্যে সুমন মুখার্জী আজ অন্যতম আলোচিত নাম। একদিকে একাডেমিক সাফল্য, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে বাংলা গানের পরিচিতি বহন— সব মিলিয়ে তিনি আজ বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক।





Others News

বই-সংস্কৃতির সপক্ষে ব্যতিক্রমী উদ্যোগ: মৌলালি রাজ্য যুব কেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল নিউ স্টার’-এর জমকালো পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব

বই-সংস্কৃতির সপক্ষে ব্যতিক্রমী উদ্যোগ: মৌলালি রাজ্য যুব কেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল নিউ স্টার’-এর জমকালো পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব


সংস্কৃতি-বিমুখ তরুণ সমাজকে বই ও শিল্পের মূল স্রোতে ফেরাতে এক অনন্য এবং সফল উদ্যোগ নিল কলকাতার প্রথম সারির সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল নিউ স্টার’ (International NewStar)। সম্প্রতি, এই সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য যুব কেন্দ্র (State Youth Centre) মৌলালি যুবক কেন্দ্রে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের উপস্থিতিতে এক তাৎপর্যপূর্ণ মিলনক্ষেত্রে পরিণত হয়।
এই মঞ্চ থেকে সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, প্রশাসন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কর্মকুশলতা ও প্রতিভার স্বাক্ষর রাখা শতাধিক ব্যক্তিকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার ও সম্পাদক, মাননীয় সৌমেন সেনের অক্লান্ত ও ব্যতিক্রমী প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এর ফলে, সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি প্রদানে ইন্টারন্যাশনাল নিউ স্টার তার দায়বদ্ধতা পুনর্বার প্রমাণ করল।
অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিশিষ্ট চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পরিচালক ও সম্পাদক সৌমেন সেন, অমরনাথ সেন, অদিতি মুখার্জীর মতো বহু উজ্জ্বল ব্যক্তিত্ব। সম্মানিত অতিথি ও গুণীজনদের তালিকায় আরও ছিলেন প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, হিউম্যান রাইটস-এর জেনারেল সেক্রেটারি শ্রী সুমন দাস, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সেক্রেটারি বিপ্লব ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক ও পুলিশ আধিকারিক বাদল বর্মন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, নজরুল গবেষক দিপা দাস, কবি সুব্রত চ্যাটার্জি, লেখিকা আরতি ঘোষ ও আমি কল্যাণী, রবীন্দ্রভারতী টপার সুমন মুখার্জি, বিশিষ্ট সমাজ সেবক দীপঙ্কর পোড়েল এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সমাজ সংগঠক অনির্বাণ সামন্ত সহ আরও অনেকে। মঞ্চে এই সমস্ত বিশিষ্টজনদের হাতে তাঁদের প্রাপ্য সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ও তাৎপর্য প্রসঙ্গে ইন্টারন্যাশনাল নিউ স্টার-এর সম্পাদক সৌমেন সেন জোর দিয়ে জানান, "বর্তমানে তরুণ প্রজন্মের একাংশ বই এবং সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সংস্কৃতি বিমুখ এই তরুণ সমাজকে পুনরায় বই ও সংস্কৃতিমুখী করে তোলার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন।" তরুণ প্রজন্মের জন্য বাংলা সংস্কৃতিকে উন্নত ও প্রসারিত করার লক্ষ্যে সৌমেন সেনের এই নিরলস প্রচেষ্টা সমাজের সকল স্তরের মানুষের ভূয়সী প্রশংসা লাভ করেছে। এই জমকালো মঞ্চে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নব নক্ষত্র সাহিত্য পত্রিকা’-এর প্রকাশনাও সম্পন্ন হয়। সমাজসেবা এবং সংস্কৃতির এই যুগলবন্দী আগামী প্রজন্মের কাছে এক নতুন বার্তা দেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।